২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নড়াইলে পাচারকালে ৪০ বস্তা সার জব্দ, উন্মুক্ত নিলামে বিক্রি

সারগুলো লাহুড়িয়া বাজারের সাব-ডিলার আলিম শেখ বেশি দামে বিক্রির জন্য কিনে এনেছিলেন।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2026, 09:40 AM

Updated : 17 Sep 2026, 02:53 AM

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাচারকালে ৪০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। পরে সেগুলো কৃষকদের কাছে উন্মুক্ত নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। 

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালনা-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের ভিট বটতলা এলাকা থেকে সার ভর্তি নসিমন আটক করা হয়। 

প্রশাসন জানায়, সদর উপজেলার ফেদি বাজার থেকে অবৈধভাবে ৪০ বস্তা সার নসিমনে করে লোহাগড়ার লাহুড়িয়া বাজারের দিকে নেওয়া হচ্ছিল। পথে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা গাড়িটি আটকে রেখে পুলিশ ও প্রশাসনকে খবর দেয়।

সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মুনমুন সাহা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সার জব্দ করেন। পরে সেগুলো নিলামে বিক্রি করে দেওয়া হয়।  

স্থানীয়রা অভিযোগ করেন, সারগুলো লাহুড়িয়া বাজারের সাব-ডিলার আলিম শেখ বেশি দামে বিক্রির জন্য কিনে এনেছিলেন। 

সাব-ডিলার আলিম শেখ বলেন, “এলাকায় চরম সার সংকট চলছে। আমার দোকানেও কোনো বরাদ্দ ছিল না। স্থানীয় কৃষকদের চাহিদার কথা ভেবে ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে কিছু কিছু করে সার কিনে এনেছিলাম। পথে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে।”

সার পাচারের বিষয়ে তদন্ত চলছে জানিয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “অবৈধ সার কারবারের সঙ্গে যুক্ত সাব-ডিলারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”