১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘হুমায়ূনের গল্প-চরিত্র আজও পাঠকের হৃদয়ে আলো ছড়ায়’

লেখকের নিজ এলাকা নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে তার প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 05:55 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার সকালে লেখকের নিজ এলাকা কুতুবপুর গ্রামে তার প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, কর্মসূচির মধ্যে কোরআন খতম, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, মিলাদ ও দোয়া, বৃক্ষরোপণ, কুইজ, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, দেয়ালিকা প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন ছিল।

সকালে স্কুল প্রাঙ্গণে হুমায়ুন আহমেদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে শোক র‌্যালি বের হয়ে বঙ্গবাজার ঘুরে আবারও স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে স্কুল মিলনায়তনে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতা হয়।

আলোচনা সভায় আসাদুজ্জামান বলেন, “হুমায়ূন আহমদের অবদান বাংলা সাহিত্যের আকাশে চিরউজ্জ্বল নক্ষত্রের মতো। তার গল্প, সৃষ্ট চরিত্র ও জীবনদর্শন আজও পাঠকের হৃদয়ে সমানভাবে আলো ছড়ায়।”

তিনি বলেন, “আমরা তাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। নতুন প্রজন্মের কাছে তার সাহিত্য ও আদর্শ ছড়িয়ে দিতে হবে।”