বেনাপোলে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত
পুলিশ বলছে, আকিজ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়।
যশোরের শার্শা উপজেলায় সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
রোববার রাতে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাগুড়ী জোড়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল পাল জানিয়েছেন।
নিহত ৪২ বছর বয়সী আবু সাইদ শার্শা উপজেলার পূর্ব কোটা গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, আবু সাইদ বাড়ি থেকে বেরিয়ে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আসা ‘আকিজ সিমেন্ট’ কোম্পানির একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা ও বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে আবু সাইদের মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনায় জড়িত ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি গোপাল জানিয়েছেন।
