Published : 22 Dec 2025, 09:26 PM
ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় পোশাক কর্মী দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সিলেট নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চা সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে রংপুরের তারাগঞ্জের বীর মুক্তিযোদ্ধা প্রবীণ শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়, ফরিদপুরের আশুলিয়ায় কলেজ শিক্ষক উৎপল সরকার, নরসিংদী রায়পুরের স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ কর্মকারকে হত্যাসহ চলতি বছরে সারাদেশে অর্ধশতের বেশি হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করা হয়।
এর পাশাপাশি ধর্ষণ, ধর্মীয় উপাসনালয়ে হামলা, কথিত ধর্ম অবমাননার দায়ে গ্রেপ্তার ও আদিবাসীদের ওপর হামলাসহ সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে।
এ সময় বক্তারা বলেন, সংখ্যালঘু হত্যা, নির্যাতন, নিপীড়ন, ধর্মীয় উপসনালয়, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস ও লুণ্ঠনজনিত সংঘটিত অপরাধের ক্ষেত্রে বিগত কোনো সরকারই প্রতিকার গ্রহণ না করায় আজকে তা উদ্বেগজনকভাবে শুধু বৃদ্ধি পায় নাই, বরং এইসব নৃংশংস ঘটনা সারাদেশে ভয়ানক আকার ধারণ করেছে।
বক্তারা অবিলম্বে এসব মানবতাবিরোধী ও সাম্প্রদায়িক সহিংসতা কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করার আহ্বান জানান এবং হত্যাকাণ্ডের শিকার দিপু চন্দ্র দাসের পরিবারের সার্বিক নিরাপত্তা ও দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে দেশপ্রেমী জনগণকে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয়কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ঐক্য পরিষদ সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল, পূজা পরিষদের জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, পূজা পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাস, খৃষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ডিকুম নিঝুম সাংমা, মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাস, শাহপরাণ থানা সভাপতি বিরেশ দেবনাথ।
একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের মহানগরের সাধারণ সম্পাদক রাজিব দেব রাজু, সিলেট মহালয়া উদযাপন পরিষদের সভাপতি জি ডি রুমু, শ্রীহট্ট ইসকনের পক্ষে বলদেব কৃপা দাস।