১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি দুবাইয়ে গ্রেপ্তার

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 03:50 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন এ তথ্য জানান। 

মহসিন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েছ আলীর ছেলে। 

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় হারুনুর রশিদ খানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

৯৪ দিন পর ৩১ মে মারা যান বর্ষিয়ান রাজনীতিবিদ হারুনুর রশিদ খান। মৃত্যুর আগেই পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। 

পুলিশ সুপার বলেন, ২০২৩ সালের ২৩ জুন থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এর মধ্যে পালিয়ে দুবাই চলে যান মহসিন মিয়া। পরে ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেপ্তার করে। 

রোববার মহসিন মিয়াকে দেশে নিয়ে আসা হয়। ২১ জুলাই নরসিংদীর আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে আলোচিত উপজেলা চেয়ারম্যান হত্যা মামলায় ১৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।