২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সদরপুরে জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

আরিফকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সদরপুরে জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2024, 03:04 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

তৃতীয় ধাপে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের আব্দুল হাকিম মাতুব্বরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ দণ্ড দেওয়া হয় বলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. শাওন হোসেন জানান। 

দণ্ডিত আরিফ মাতুব্বর(২৬) ওই ইউনিয়নের মুজিরচরকান্দি গ্রামের বাসিন্দা। 

ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি তাকে এক হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

বিচারক শাওন হোসেন বলেন, “ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ সালের ৭২ নং বিধিতে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করা হয় “ 

তিনি বলেন, দুপুর ১টার পর আরিফকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।