Published : 31 May 2026, 01:29 PM
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশির কিল-ঘুষি ও মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার সকালে চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে বলে রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানিয়েছেন।
নিহত ৬২ বছর বয়সী মো. হানিফ ওই এলাকার হাবিব উল্লাহর ছেলে।
ওসি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা বলছেন, প্রতিবেশী আব্দুল বারেকদের সঙ্গে হানিফের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় হানিফ জমি থেকে মাটি কাটছিলেন। এ সময় বারেক বাধা দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে হানিফ কাগজপত্র নিয়ে বসতে বললে বারেক রেগে যান।
এক পর্যায়ে বারেক এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করলে হানিফ অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রিপন হোসেন বলেন, “প্রতিবেশী বারেকের মারধরের কারণে আমার বাবা মারা গেছেন। আমি এ হত্যার বিচার চাই।”
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলছেন, “হাসপাতাল আনার আগেই হাসান নামের ওই ব্যক্তি মারা যান। তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।”
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার পর থেকে আব্দুল বারেক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।