Published : 16 Apr 2026, 06:07 PM
কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আট মাসের এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানিয়েছেন একই হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মনজুর আহমেদ।
মারা যাওয়া মো. রায়হান চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে।
চিকিৎসক মনজুর আহমেদ বলেন, মঙ্গলবার রাতে জ্বর, কাশি এবং শরীরে র্যাশ নিয়ে রায়হানকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সে মারা যায়।
এ নিয়ে জেলায় এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে চার শিশু মারা গেছে। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং বাকি তিনজন কুমিল্লায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ছাড়া হাম আক্রান্ত ৯৩ শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরিফুল ইসলাম পিয়াস বলেন, চলতি বছর কুমিল্লায় হাম আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে ৬৭২ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩৪৪ জন হাসপাতালে ভর্তি হন; যাদের মধ্যে ২৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৯৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।