Published : 20 Jan 2026, 01:35 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ মিছিল শুরু করেছেন প্রার্থী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা পৌনে ১২টা থেকে প্রশাসন ভবন-১ এর সামনে কর্মসূচি পালন করেন এবং মঙ্গলবারই চেম্বার আদালতে শুনানি ও ২১ জানুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়ার দাবি জানান তারা।
মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের মধ্যেই ২১ তারিখে শাকসু নির্বাচন আয়োজনের ঘোষণা আসতে হবে।
জাতীয় নির্বাচনের কারণে ২২ তারিখ থেকে শাকসু আয়োজনের সুযোগ নেই। তাই আজকে যদি চেম্বার শুনানি না হয়, তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।”
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘হাইকোর্ট না শাকসু, শাকসু, শাকসু’, ‘শাকসু নিয়ে তাল বাহানা, মানি না-মানব না’, ‘হাদি ভাই শিখিয়ে গেছে, লড়াই করে বাঁচতে হবে’, ‘সাস্টিয়ানদের ডিসিশন, কালকে হবে নির্বাচন’, ‘আমাদের ডিসিশন, মানতে হবে প্রশাসন’, ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘শাকসু চাই, শাকসু দাও, নয়তো গদি ছাইড়া দাও’ স্লোগান দেন।

স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সালন বলেন, “২১ তারিখ নির্বাচন না হলে সাস্টিয়ানরা বসে থাকবে না। কোনো কারণে যদি শাকসু না হয়, এর ভয়াবহতা এ ক্যাম্পাস ছাড়াও জাতীয় অঙ্গনেও মারাত্মক প্রভাব ফেলবে আমরা হুঁশিয়ারি দিচ্ছি।”
শাকসু নির্বাচনের দাবিতে অনড় শিক্ষার্থীরা, চেম্বার আদালতে যাবে প্রশাসন
ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, “আমাদের আন্দোলন অব্যাহত আছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে কোনো অপশক্তি, কোনো পক্ষ শাকসুকে আটকাতে পারবে না।
“চেম্বার আদালতে আজকে শুনানি হতে হবে। কিন্তু কোনো কারণে আইনি মারপ্যাচে শাকসুকে পুনরায় বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিভাবে শাকসু কিভাবে আদায় করে নিতে তা সাস্টিয়ানরা ভাল করেই জানে।”