Published : 15 Jul 2026, 05:27 PM
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের আটটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়।
চয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন, দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে।
এ তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপিকে সতর্ক করা হয় এবং একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়।
আটক ৬১ বছর বয়সী মো. মিজানুর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের সোলেমান মোল্লার ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, “বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে করে মুন্সিপুর বিওপির সামনের সড়কে পৌঁছালে সন্দেহভাজন মিজানুর রহমানকে থামায় টহলদল।
“পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহন করার কথা স্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।”
উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।
এছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দের খবরও জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নাজমুল।
তিনি বলেন, “আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”