১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

“এই ধাপে ২২ জেলার লোকজন ছাড়াও ৭৬টি দেশ থেকে সাড়ে ৩ হাজার বিদেশী মেহমান এসেছেন।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 01:55 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।

সোমবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয় বলে তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান।

এর আগে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়। মোনাজাত শেষে প্রথম ধাপে অংশগ্রহণকারী অধিকাংশ লোকজন ময়দান ত্যাগ করেন।

পরে দ্রুত সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করা হয়। পরে বিকাল থেকেই দ্বিতীয় ধাপের লোকজন আসতে শুরু করেন।

সোমবার সকাল থেকেও বিভিন্ন জেলা থেকে লোকজনকে দলবেঁধে ময়দানে আসতে দেখা গেছে।

এই ধাপে- ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সীগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার লোকজন অংশগ্রহণ করছেন।

হাবিবুল্লাহ রায়হান বলেন, “এই ধাপে ২২ জেলার লোকজন ছাড়াও ৭৬টি দেশ থেকে সাড়ে ৩ হাজার বিদেশী মেহমান এসেছেন। ৫ ফেব্রুয়ারি প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শেষে তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন।”

ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতে প্রায় ৪০ লাখ মানুষ অংশ নেন। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।