১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় নিখোঁজ অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়ায় নিখোঁজ অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 12:38 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের ধার থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান।

নিহত ৫২ বছর বয়সী মোফাজ্জল হোসেন মোফা শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা বলছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে মোফাজ্জল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর খোঁজ মিলছিল না। বুধবার সকালে স্বজনরা তার মরদেহ সনাক্ত করেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, “মোফাজ্জলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলার অংশ অর্ধ কাটা অবস্থায় পাওয়া গেছে।

“তার অটোরিকশারও সন্ধান মেলেনি। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

এ পুলিশ কর্মকর্তা বলছেন, “শুধু অটোরিকশা ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়েছে, এমনটা মনে হচ্ছে না। এ ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি।”