২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

“হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিমুল ও শাওনকে মৃত ঘোষণা করেন।”

নারায়ণগঞ্জে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিহত আদিফ আহমেদ শিমুল ও মো. শাওন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2025, 12:30 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১০টার মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান।

নিহতরা হলেন- বন্দর উপজেলার মুরাদপুরের ইয়াকুব আলীর ছেলে আদিফ আহমেদ শিমুল (১৮) ও তার বন্ধু একই এলাকার শেখ আজিজুর রহমানের ছেলে শেখ মো. শাওন (১৭)।

এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু মো. ফাহিম।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মদনপুর এলাকায় ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী একটি তেলবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। পরে মোটরসাইকেলটিকে চাপা দেওয়ার পরপরই মহাসড়কের ওপর লরিটি ফেলে চালক পালিয়ে যান।

ওসি ওয়াহিদ মোরশেদ বলেন, “গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিমুল ও শাওনকে মৃত ঘোষণা করেন।

“গুরুতর আহত অবস্থায় ফাহিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

তেলবাহী লরিটি পুলিশ জব্দ করেছে। তবে, এই ঘটনায় শুক্রবার বেলা ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।