Published : 15 Feb 2026, 11:04 PM
অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগ দাবিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দিয়েছেন শিক্ষক-কর্মচারীদের একাংশ।
রোববার সকাল থেকেই প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা ও কার্যক্রম ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা উপাচার্য অধ্যাপক মো. রোকনুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন। দুপুরে উপ-উপাচার্য কার্যালয়ে প্রবেশ করতে গেলে ফটকে তালা দেখতে পান। পরে তার নির্দেশে তালা ভাঙা হয় এবং তিনি কার্যালয়ে প্রবেশ করেন।
পরে বিষয়টি নিয়ে উপ-উপাচর্য আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীদের সঙ্গে আলোচনা শুরু করেন। এরই মধ্যে বাইরে দুপক্ষের সমর্থকদের হট্টগোল হয়। এক পর্যায়ে কোনো সুরাহা না হওয়ায় আলোচনা অসামপ্ত রেখেই উপ-উপাচার্য বেরিয়ে যান।

আন্দোলনকারী শিক্ষক আল মামুন সরকার বলেন, “৫ অগাস্টের পর আমাকে পরিবহনের একটি দায়িত্ব দেওয়া হয়। কিন্ত বাস কিনতে লুটপাট করতে গিয়ে যেনতেনভাবে আমাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে আমাকে বরখাস্ত করা হয়।”
শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ব্যাহত হওয়ার বিষয়ে তিনি বলেন, “আন্দোলনের জন্য কোনো ক্লাস, পরীক্ষা বন্ধ করা হয়নি। আলোচনার আশ্বাসে আন্দোলন আপাতত স্থগিত করেছি। দাবির বিষয়ে ফলপ্রসূ আলোচনা না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আজিজুননেছা বলেন, “সকাল ১০টা থেকে পরীক্ষা ছিল। বিশ্ববিদ্যালয়ে এসে দেখি প্রশসানিক ভবনে তালা দেওয়া। আমাদের পরীক্ষা না হলে অনেক দিন পিছিয়ে পড়ব।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।”