১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে পিস্তল-গানপাউডার উদ্ধার, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার সুদেব সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে নাশকতাকারীদের সরবরাহ করতেন বলে ভাষ্য র‌্যাবের।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 07:44 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

রাজশাহী নগরে একটি বিদেশি পিস্তল ও দুই কেজি গানপাউডারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত ১১টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা থানার বালিয়া শ্যামপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক ফিরোজ কবির।

গ্রেপ্তার সুদেব সরদার (২২) গোদাগাড়ী উপজেলার মাণ্ডইল গ্রামের রবি দাসের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সুদেব ইজিবাইক চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। গোপন তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা রাজশাহী-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ইজিবাইক আটক করেন।

পরে ইজিবাইক তল্লাশি করে সিটের নিচ থেকে দুই কেজি গানপাউডার এবং সুদেবের শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাওয়া যায় বলে জানায় র‌্যাব।

সুদেবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ফিরোজ কবির বলেন, “সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে অস্ত্র ও বিস্ফোরকের চাহিদা বেড়েছে। সীমান্ত এলাকা থেকে পিস্তল ও গানপাউডার সংগ্রহ করে নাশকতাকারীদের সরবরাহ করতে যাচ্ছিলেন তিনি।”

পরে সুদেবের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।