২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভারত থেকে অনুপ্রবেশের সময় সুদানের নাগরিক আটক

তাকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2025, 11:53 AM

Updated : 26 Aug 2026, 11:37 AM

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীর পরশুরাম সীমান্ত থেকে এক সুদানের নাগরিককে আটকের খবর জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

সীমান্তের পূর্ব নিজকালিকাপুর এলাকা থেকে রোববার গভীররাতে তাকে আটক করা হয় বলে বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান।

আটক ৩৬ বছর বয়সী ইসলাম আবদেল রাহিম মোহাম্মদ আবদেল রাহিম সুদানের কার্টম বারি এলাকার আবদেল রাহিমের মেয়ে।

তার স্বামীর নাম মোহাম্মদ হামদ এবং তিনি সুদানের কার্টাম বেরির বাসিন্দা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সীমান্তের পূর্ব নিজকালিকাপুর এলাকা থেকে টহল দল সুদানের নাগরিক এসলামকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সুদানের ওই নাগরিক জানান, তিনি সুদান থেকে ভারতে আসেন। সেখানে অবস্থান করে ভারত থেকে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ করেন।

পরে তার কাছ থেকে ইউএস ডলার, ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং পোশাকসহ দুটি ব্যাগ জব্দ করে বিজিবি। তবে তার কাছে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। মোবাইল ফোন থেকে পাসপোর্টের একটি ছবি পাওয়া গেছে।

তাকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা মোশারফ হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, “এর আগে পরশুরাম সীমান্তে ২০২৪ সালের ৭ নভেম্বর ইথিওপিয়ান এবং ২৯ ডিসম্বের নাইজেরিয়ান নাগরিককে বিজিবি আটক করে। ভারতীয় ও বাংলাদেশের স্থানীয় একটি মানব পাচার চক্র এই কাজে নিয়োজিত রয়েছে।”  

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, বিজিবির হাতে আটক সুদানের নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি মামলা দায়ের করেছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।