Published : 05 Sep 2024, 05:53 PM
শ্রমিকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যে নিরাপত্তা শঙ্কার কারণে সাভারের আশুলিয়ায় বন্ধ করে দেওয়া ৮০টি বন্ধ পোশাক কারখানা আবারও খুলে দেওয়া হয়েছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান, বৃহস্পতিবার সকাল থেকে ৮০টি কারখানার শ্রমিকরা দলে দলে কাজে যোগ দিয়েছেন। কারখানা এলাকায় নিরাপত্তায় পুলিশ সেনাবাহিনী ও বিজিবির টহল টিম কাজ করছে।
এছাড়া এদিন আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগে দুজনকে আটক করে শিল্প পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। একটি কারখানার শ্রমিকরাও বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেছেন।
এর আগে সোমবার থেকে টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনার পর নিরপত্তার কারণে আশুলিয়ায় ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা। শ্রমিককরা বিভিন্ন যানবাহনে করে ও হেঁটে কারখানায় এসে আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন।
সকালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ইপিক গ্রুপের ‘পিজিসিএল গার্মেন্টসের’ শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। সকাল ৯টা থেকে দুই ঘণ্টা কারখানার সামনে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে।
দুইজনকে আটক প্রসঙ্গে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, বিশৃঙ্খল পরিস্থিতির তৈরির অভিযোগে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্থানীয় জনতা দুজনকে আটক করে। পরে শিল্প পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
আশুলিয়া শিল্পঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে শিল্প পুলিশের এ কর্মকর্তা বলেন, “সকালে অধিকাংশ কারখানার শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। তবে হাতে গোনা কয়েকটা কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে সেসব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।”