১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে নারীকে হত্যা

উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 12:27 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

জয়পুরহাটে সদর উপজেলায় টিউবওয়েলের হান্ডেল দিয়ে আঘাত করে এক নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ভাতিজি আহত হয়েছেন।

উপজেলার চিরলা গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি নাজমুল কাদের জানিয়েছেন। 

নিহত ৪৭ বছর বয়সী নুরুন্নাহার বেগম চিরলা গ্রামের গফুর মণ্ডলের মেয়ে। তার লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহত তার ভাতিজির নাম খাতিজা খাতুন; বয়স ১৬ বছর।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, “মঙ্গলবার রাতে নুরুন্নাহার ও খাতিজা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বত্তরা ঘরে ঢুকে টিউবওয়েলের হান্ডেল দিয়ে তাদের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

“আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নুরুন্নাহার মারা যান। আর খাতিজাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।”

হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে বলেও ওসি নাজমুল কাদের জানান।