২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রংপুরে পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের তিন জন নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

রংপুরে পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩
প্রতীকী ছবি

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 02:30 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

রংপুর নগরীতে বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৪টার দিকে নগরীর দমদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে মহানগর পুলিশের তাজহাট থানার ওসি শাহজাহান আলী জানিয়েছেন।

নিহতরা হলেন- পিকআপ ভ্যান চালকের সহকারী নগরীর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে ২০ বছর বয়সী আরিফ হোসেন, পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী ২৮ বছর বয়সী শাহিনা বেগম ও তার এক বছরের ছেলে ওয়ালিদ হোসেন স্বাধীন।

তাদের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “মাহিগঞ্জ যাওয়ার পথে দমদমা ব্রিজের আগে উত্তরের মালবোঝাই একটি পিকআপ ভ্যানকে ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা যাত্রীসহ তিন জন নিহত হন।

“আহত তিনজনের মধ্যে গুরুতর আহত পিকআপ ভ্যানচালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

বাকি দুজন নিহত শাহিনা বেগমের দেবর ও তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছেন।