১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক নিহত

পুলিশ বলছে, হয়ত মোটরের তার লিকেজ হয়ে পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 06:14 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

নওগাঁর পোরশা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কাতকইল গ্রামের বিলে এ ঘটনা ঘটে বলে পোরশা থানার ওসি জিয়াউর রহমান জানান।

নিহতরা হলেন- উপজেলার কাতকইল (বিলপাড়ার) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন এবং একই গ্রামের ও মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।

আব্দুল আজিজের প্রতিবেশী তোফায়েল আহমেদ বলেন, সকালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি শুকিয়ে মাছ ধরতে বিলে গিয়েছিলেন তারা। পানি শুকিয়ে সকাল ১০টার দিকে মাছ ধরে বাসায় নিয়ে আসে। 

এরপর দুপুর ১টার দিকে আবারও তারা বিলে মাছ ধরার জন্য যায়। সেখানে আগে থেকেই মোটর চালু করা ছিল। ধারণা করা হচ্ছে, মোটরের তার লিকেজ হয়ে পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে। দুজন পানিতে নামার সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পোরশা থানার ওসি জিয়াউর রহমান বলেন, দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।