১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে নিখোঁজ দিনমজুরের লাশ মিলল ভারতে, বিজিবির কাছে হস্তান্তর

আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে আব্দুল মালিক মাঝে মধ্যে জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যেতেন বলে জানায় পুলিশ।

সিলেটে নিখোঁজ দিনমজুরের লাশ মিলল ভারতে, বিজিবির কাছে হস্তান্তর
৮ জুলাই সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে গিয়ে আব্দুল মালিক আর বাড়ি ফেরেননি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 08:31 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে নিখোঁজ এক দিনমজুরের মৃতদেহ ভারতে উদ্ধারের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার রাতে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মৃতদেহটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না।

নিহত মো. আব্দুল মালিক (৪২) উপজেলার মৌলভীরচক গ্রামের মো. ইব্রাহিম আলী ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, ৮ জুলাই সকাল ৯টার দিকে আব্দুল মালিক কসকনকপুর ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে গিয়ে আর ফেরেননি। ভারতে আব্দুল মালিকের আত্মীয়-স্বজনরা বসবাস করেন। তিনি প্রায় জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতের করিমগঞ্জে যেতেন। 

আব্দুল মালিক ভারতে স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ১৫ জুলাই রাতে জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের বিপরীতে কুশিয়ারা নদীর ভারতীয় অংশে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। 

পরে আসামের করিমগঞ্জ থানা-পুলিশ নদী থেকে অজ্ঞাতপরিচয় লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা সীমান্ত গিয়ে আব্দুল মালিককে শনাক্ত করেন।

ওসি জহিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর করিমগঞ্জ থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন করে। এর মধ্যে লাশটি দেশে ফেরত পেতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে আহ্বান জানায় বিজিবি।

শনিবার রাতে করিমগঞ্জ থানা-পুলিশ বিএসএফের মাধ্যমে লাশটি বিজিবির কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।

রাতেই স্ত্রী নাছিমা বেগম ও ভাই ওয়াহিদুর রহমান কাছে আব্দুল মালিকের লাশ হস্তান্তর করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।