১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে পিকআপসহ চোরাই ১১ গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 05:10 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

বাগেরহাট জেলা থেকে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় গরু পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তবে উদ্ধার হওয়া গরুগুলো কোথা থেকে চুরি হয়েছে কিংবা কারা মালিক তা জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার ভোরে খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে এক বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

গ্রেপ্তাররা হলেন- ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের আবু সাঈদ শেখের ছেলে ইমরান শেখ (৪০), রামপাল উপজেলার সোলাকোড়া দক্ষিণ পাড়া গ্রামের শুকুর শেখের ছেলে নাহিদ শেখ (২৭) এবং তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের ধুনা মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা (৩৮)।

দুপুরে নিজ কার্যালয়ে হাসান মোহাম্মদ নাছের সাংবাদিকদের বলেন, “সারাদেশে যারা গরু চুরি করে তাদের বেশ কয়েকটি সিন্ডিকেট কাজ করছে। বিভিন্ন জেলা থেকে এই সিন্ডিকেটটি গরু চুরির পর তা জবাই করে হোটেল-রেস্তোরাঁয় মাংস বিক্রি করে। 

“প্রথমে এই সিন্ডিকেটের দুইজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরিফ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ১১টি ছোট-বড় গরু এবং একটি পিকআপ উদ্ধার করা হয়।” 

তিনি বলেন, গরু চুরির একাধিক সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।