২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘণ্টায় ২ খুন, এবার ‘নবী ডাকাতের’ ভাইকে হত্যা

মঙ্গলবার দুপুরে খুন হয়েছিলেন এআরও প্রধান কেফায়েত উল্লাহ হালিম।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 10:54 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘণ্টায় দুই ব্যক্তি খুন হয়েছেন।  

মঙ্গলবার সন্ধ্যার দিকে খুন হয়েছিলেন আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের-এআরও প্রধান কেফায়েত উল্লাহ হালিম। তার নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীটি ‘হালিম বাহিনী’ নামে ক্যাম্পে পরিচিত। 

এ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে বুধবার দুপুরে খুন হন মোহাম্মদ কামাল নামে আরেক ব্যক্তি। তিনি আরাকান রোহিঙ্গা আর্মির-এআরএ প্রধান নবী হোসেনের ছোট ভাই। তিনি ক্যাম্পের একজন ‘কমিউনিটি নেতা’ হিসেবেও পরিচিত ছিলেন।

নবী হোসেনের নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীটি ‘নবী হোসেন গ্রুপ’ নামেও ক্যাম্পে পরিচিত। নবী হোসেন বর্তমানে বাংলাদেশের কারাগারে আটক আছেন। 

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সন্ধ্যায় বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টে কামালকে গুলি করে হত্যা করা হয়। 

“তাকে মাথা ও বুকে গুলি করা হয়েছিল। এ ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

নিহতের চাচাতো ভাই আয়ুব হোসেন দাবি করেন, “জোহরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাজার এলাকায় যাওয়ার সময় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন-আরএসও এর ১২-১৩ সদস্য কামালকে গুলি করে হত্যা করে।”

কামালকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান আয়ুব হোসেন। 

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় কামালকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

টানা হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।