১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে মুক্তিযোদ্ধা মার্কেটে পুড়ল ডায়াগনস্টিক সেন্টারসহ ১৪ দোকান

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 01:12 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

বাগেরহাট শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে আগুনে ডায়াগনস্টিক সেন্টারসহ ১৪টি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়িদের।

সোমবার রাত ২টা ৪০ মিনিটে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে সেখানে যান বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিস কার্যালয়ের জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ। 

পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শ্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 

মুক্তিযোদ্ধা মার্কেটে ১৪টি দোকানের মধ্যে একটি ডায়াগনস্টিক সেন্টার বাকিগুলো শীত কাপড়ের দোকান ছিল।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকির হোসেন, সোহাগ বলেন, গভীর রাতে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে তারা সেখানে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন টিনশেডের দোকানগুলোতে দাউদাউ করে আগুন জ্বলছে। 

তারা বলেন, মার্কেটের দোকানিরা সবাই বিভিন্ন সমিতি থেকে ধারদেনা করে ব্যবসা করে আসছিল। এই দোকানের আয় দিয়ে তাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের সংসার চলে। আগুনে তারা সবাই নিঃস্ব হয়ে পড়েছেন।

আগুনে কোটি টাকার মালামাল পুড়ে গেছে দাবি করে ঘুরে দাঁড়াতে তারা প্রশাসনের সহযোগিতা চান বলেও জানান এই কাপড় ব্যবসায়ীরা।

মঙ্গলবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন পুড়ে যাওয়া মুক্তিযোদ্ধা মার্কেট পরিদর্শন করেছেন।