১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভেঙে দেওয়া হয়েছে ৩টি ড্রেজার

শেরপুর সদর উপজেলায় কামারেরচর ইউনিয়নের ৬ নম্বর ও ৭ নম্বর চর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীতে এ অভিযান চালানো হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 10:33 AM

Updated : 26 Aug 2026, 05:18 PM

শেরপুর সদর উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার উপজেলার কামারেরচর ইউনিয়নের ৬ নম্বর ও ৭ নম্বর চর এলাকায় এই  অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক মজনুন ইশতি। 

তিনি বলেন, পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদী থেকে বেশ কয়েকদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কিছু লোক বালু উত্তোলন করছিল এ খবর পেয়ে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নির্দেশে অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে অবৈধ তিনটি ড্রেজার মেশিন ও এক-দেড় হাজার ফুট পাইপ ভেঙে দেওয়া হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, কামারেরচর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সুজন কুমার সোম ও শেরপুর সদর থানার পুলিশসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা। 

ইশতিয়াক মজনুন ইশতি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।