১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

আইনজীবী হোসাইন মো. তাইফুর রহমানকে আটক করে মারধর করে পুলিশে দেয় উত্তেজিত জনতা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 10:27 AM

Updated : 26 Aug 2026, 03:05 PM

জামালপুরে স্ত্রীকে হত্যার পর আগুন দিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে। 

বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের দড়িপাড়ার মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬) শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে। তার স্বামী হোসাইন মো. তাইফুর রহমান (৪০) দড়িপাড়া মন্ডলপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত ২টার দিকে আইনজীবি তাইফুর রহমানের বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। পরে ঘরের কাচের জানালা ভেঙে খাটের উপর স্ত্রী তাহমিনা আক্তার তানিয়ার পোড়া মরদেহ দেখতে পায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং হোসাইন মো. তাইফুর রহমানকে আটক করে মারধর করে পুলিশে দেয় উত্তেজিত জনতা। 

পরে ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া মরদেহ ও তাইফুরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহতের মামা মনোয়ার হোসেন কর্নেল বলেন, “রাত সাড়ে ৮টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেছিল আমার ভাগ্নি তানিয়া। হঠাৎ মধ্য রাতে শুনি তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”