লরির সঙ্গে সংঘর্ষের পর ট্রাক উল্টে অটোরিকশার উপর, নিহত ২
এ ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান।
এ ঘটনার পর ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহতরা হলেন- উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা ও ড্রাম ট্রাকের চালকের সহকারী (হেলপার) রিপন মিয়া (২৭) এবং উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার বাসিন্দা অটোরিকশার যাত্রী আবুল খায়ের (৫০)।
পুলিশ জানায়, সিলেটগামী তেলবাহী লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ড্রাম ট্রাকটি উল্টে গিয়ে মহাসড়কের পাশে থাকা একটি অটোরিকশার উপর পড়ে।
এতে ঘটনাস্থলেই আবুল খায়ের ও রিপন মিয়া নিহত হন।
ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে চলাচল স্বাভাবিক করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
