Published : 25 Jul 2025, 10:13 PM
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মেঘনায় জোয়ারে স্বাভাবিকের চাইতে পানির উচ্চতা বেড়েছে প্রায় তিন ফুট। এতে করে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়ে সড়ক, পুকুর ও বসত বাড়িতে পানি প্রবেশ করেছে।
পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক বলেন, শুক্রবার বিকালে জোয়ারের সময় মেঘনার পানি বিপৎসীমার বেশি চার দশমিক ২১ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
শহরের পুরান বাজার রনাগোয়াল এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম ও ভুলু বলেন, “বৃহস্পতিবার পানি কিছুটা কম ছিলো। শুক্রবার বিকাল থেকে বাতাসের তীব্রতার সঙ্গে নদীর ঢেউ বেড়েছে। এ সময় আমাদের দোকানে পানি উঠে যায়। পানির কারণে দোকানের মালপত্র সরিয়ে নিয়েছি।”

সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকার বাসিন্দা মনির শেখ বলেন, ফেরিঘাট এলাকায় পানি রাস্তা সমান। আশপাশের নিচু সড়কে পানি উঠেছে।
পাশবর্তী চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ গাজী বলেন, সেচ প্রকল্পের বাইরে সব বাড়ি, রাস্তা ও পুকুরে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে।
তার মাছ চাষের পুকুরের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, শুক্রবার বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ার পর থেকেই পানি বেড়েছে। এতে মাছ চাষীদের বেশি ক্ষতি হবে এবং পাকা সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়াও শহর রক্ষা বাঁধের পুরান বাজার এলাকায় নদীর পানি সড়ক সমান অবস্থায় রয়েছে।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “সেচ প্রকল্পের বাইরের মাছ চাষীদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদেরকে মাছ সংরক্ষণের জন্য সতর্ক করা হচ্ছে।”

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল হক জানান, চলতি মাসের মিটিংয়ে মৎস্য চাষীদের সতর্ক করে দেয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত পানি বৃদ্ধি পাবে। এরপরেও উপজেলা মৎস্য বিভাগ থেকে জেলেদের সতর্ক করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষণ কর্মকর্তা শাহ্ মো. শোয়েব বলেন, “নিম্নচাপের কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চাইতে এক থেকে তিন ফুট বৃদ্ধি পাবে- এই সতর্ক বার্তা দেয়া হয়েছে।”
পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক বলেন, “নদীর পানি বৃদ্ধি পেয়েছে বিষয়টি আমরা অবগত। মেঘনার পানির উচ্চতা বাড়লেও বেশি সময় স্থায়ী হয় না। তবে, আমাদের কর্মকর্তারাও সতর্ক রয়েছেন।”