১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লিফট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

তিনি রূপপুর প্রকল্পের ‘নিকিমথ’ কোম্পানির অধীনে এমটিইউ-২ শাখায় নিয়োজিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লিফট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিহত উজ্জ্বল খন্দকার।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 07:21 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাজের সময় লিফট থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে প্রকল্পের অভ্যন্তরে ‘নিকিমথ‘ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান।

নিহত উজ্জ্বল খন্দকার (৪০) উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর প্রকল্পের ‘নিকিমথ’ কোম্পানির অধীনে এমটিইউ-২ শাখায় নিয়োজিত ছিলেন।

পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দুপুরে নিকিমথ কোম্পানির OOUKS ভবনে ম্যান-লিফটে কাজ করছিলেন উজ্জ্বল। কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত আনুমানিক ২০ ফুট ওপর থেকে নিচে পড়ে যান তিনি। এতে তার হাত-পা ভেঙে যায় এবং ঘাড়ে গুরুতর আঘাত পান।

সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে প্রকল্প এলাকায় প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনার সুষ্ঠু তদন্তসহ কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

ঘটনাটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার কথা  বলেছেন ওসি আশাদুর রহমান।