নওগাঁয় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
মরদেহের মাথায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে, বলে জানিয়েছেন ওসি।
নওগাঁর ধামইরহাটে সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া রাস্তার চকবদন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ধামইরহাট থানার ওসি ঈমাম জাফর।
নিতাই রবিদাস (৩০) উপজেলার সেনন নগর গ্রামের বিনয় রবিদাসের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
স্থানীয়দের বরাতে ওসি জাফর বলেন, সোমবার বিকালেও নিতাই রবিদাসকে ফতেপুর বাজার এলাকায় চা খেতে দেখেছেন স্থানীয়রা। পরে মঙ্গলবার সকালে উপজেলার চকবদন এলাকায় রাস্তার ধারে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ওসি আরও বলেন, যুবকের মরদেহের মাথায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
