Published : 07 Mar 2026, 07:04 PM
নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র না রাখা এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুটি ফিলিং স্টেশন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নিশাত ফারাবী।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে তারাজ ফিলিং স্টেশন এবং আনিতাশ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়ম এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তারাজ ফিলিং স্টেশনকে পাঁচ হাজার এবং আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মিজানুর।