১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পোষ্য কোটার’ আন্দোলন: আশ্বাসে রাবিতে কর্মবিরতি স্থগিত

“সবকিছু বিবেচনা করে আপাতত তিন দিনের কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 06:44 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তিন দিনের অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকের সামনে অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন এ ঘোষণা দেন।

তিনি বলেন, “প্রশাসন আমাদের কাছে সময় চেয়েছে। সে কারণে সবকিছু বিবেচনা করে আপাতত তিন দিনের কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। যদি দ্রুততম সময়ে প্রশাসন আমাদের দাবি না মানে, আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করব। আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত পানি, বিদ্যুৎ ও পরীক্ষা সব কার্যক্রম বন্ধ থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ বলেন, “আমাদের প্রশাসনিকসহ নানা কাজে স্থবিরতা তৈরি হয়েছিল। পাশাপাশি রাকসু মনোনয়ন বিতরণের বিষয়টি বাধাগ্রস্ত হচ্ছিল। আমরা আন্দোলনকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করেছি আন্দোলন স্থগিত করতে। শিক্ষার্থীসহ সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা পর্যন্ত তারা আন্দোলন স্থগিত করেছেন।”

এদিকে ‘কর্মবিরতি’ কর্মসূচিকে ‘ষড়যন্ত্র’ ও রাকসু নির্বাচন বাতিলের ‘পাঁয়তারা’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলগুলোতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

১৩ অগাস্ট থেকে ‘পোষ্য কোটা’ পুনর্বহালসহ আট দফা দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন। এরই অংশ হিসেবে ২৪ থেকে ২৬ অগাস্ট পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।