২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার, ছেলে-পুত্রবধূ আটক

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 07:14 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

কুমিল্লা নগরীর একটি বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।  

রোববার বিকালে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান।

নিহতরা হলেন- রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) এবং তার মেয়ে শিল্পী আক্তার (৪০)। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর শিল্পী বাবার বাড়ি থাকতেন।  

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লুৎফা বেগমের ছেলে শাহীন এবং তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পরিবারে মা-মেয়ের সঙ্গে ছেলে ও তার স্ত্রীর নানা সময় কলহ হত। শনিবার বিকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। রোববার দুপুরে মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি এলাকাবাসী জানতে পারে। 

লুৎফা বেগমের বড় মেয়ে হাছিনা আক্তার শিউলির অভিযোগ, তার মা ও বোনকে হত্যা করা হয়েছে।  

“দুইজন মানুষ একসঙ্গে মারা যেতে পারে না। তাদেরকে মেরে প্রতিবেশীদের ডাকা হয়েছে।” 

প্রতিবেশী জসিম উদ্দিন বলেন, “দুপুর আড়াইটার দিকে শাহীন আমাদেরকে ডেকে বলে, তার মা ও বোন মারা গিয়েছে। আমরা গিয়ে দেখি, মা ও মেয়ের মরদেহ খাটে পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।” 

তিনি বলেন, “শুনেছি পরিবারে ঝামেলা ছিল। ঝগড়াঝাটি হত।”

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, “সুরতহালে নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”