Published : 15 Aug 2024, 10:01 PM
আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রীদের অন্যতম দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।
বুধবার মামলাটি দায়ের করা হয়েছে বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ মুহসীন আলম জানান।
মামলার আসামি হিসেবে দীপু মনি ও তার বড় ভাই ওয়াদুদ টিপু ছাড়াও ৩৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলাটির বাদী শহরের মেথারোডস্থ মুনিরা ভবনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া এলাকার সামসুল হক হাওলাদের ছেলে মো. সেলিম মিয়া (৪৫)।
মামলার এজাহারে বলা হয়, দীপু মনি, তার ভাই জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টিপু, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনের মদদে গত ১৮ জুলাই সন্ধ্যায় তাদের শত শত নেতাকর্মী দেশীয় অস্ত্রসস্ত্রসহ শহরের মুনিরা ভবনে হামলা, মালামাল লুটপাট, ভাঙচুর ও ভবনে অগ্নিসংযোগ করেন।
মুনিরা ভবনের মালিক জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তখন চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন।
মামলার আরও বলা হয়, নাশতকার ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মামলা প্রসঙ্গে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আমি কখনো কারো সাথে অমানবিক আচরণ করিনি। অথচ শুধু রাজনীতির কারণে প্রতিহিংসাবশত আমার বাড়ির ওপর এই অঘটনটি দেখতে হল। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় ও সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।”
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত বলেন, “মামলাটির আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হবে।”