Published : 31 Jan 2026, 02:15 AM
নোয়াখালীর হাতিয়ায় ফেরিঘাট উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপিকর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে কর্মী-সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করে ‘সন্ত্রাসীদের’ গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নোয়াখালী-৬ আসনে দশ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা হাতিয়া থানার সামনে অবস্থান নেন তারা।
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ এ সময় ‘সন্ত্রাসীদের’ গ্রেপ্তারে প্রশাসনকে ৪৮ সময় বেঁধে দিয়ে প্রয়োজনে পুলিশ সুপারের কার্যালও ঘেরাও করা হুমকি দেন।
তিনি অভিযোগ করেন, শুক্রবার বিকেলে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠানে তার ৮-১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দিয়েছে ‘অস্ত্রধারী সন্ত্রাসীরা’।
বার বার বলার পরও প্রশাসন এসব ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে ‘বাড়ি ঘেরাও করে সন্ত্রাসীদের ধরিয়ে দেওয়ার’ ঘোষণা দেন তিনি।
পরে উপজেলা নির্বাহী অফিসার এবং ওসির অনুরোধে ‘সন্ত্রাসীদের’ গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে থানার সামনে থেকে কর্মী সমর্থকদের নিয়ে ফিরে যান এনসিপি নেতা।
এর আগে ‘সন্ত্রাসীদের’ গ্রেপ্তারের দাবিতে হান্নান মাসউদের নেতৃত্বে ওছখালি বাজারে লাঠি মিছিল বের হয়।
এদিকে হাতিয়া আসনে বিএনপির প্রার্থী মাহাবুবের রহমান শামীমের বাসায় হামলা এবং বাসার সামনে থাকা গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে হান্নান মাসউদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
মাহাবুবের রহমান শামীম বলেন, “হান্নান মাসউদের নেতৃত্বে লাঠি মিছিল থেকে আমার অস্থায়ী বাসা ধানসিঁড়িতে হামলা চালানো হয়। এ সময় বাসার সামনে থাকা গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে।”
হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, “থানার সামনে বেশ কিছু সময় এনসিপির লোকজন মিছিল করে। পরে তারা মিছিল নিয়ে দক্ষিণ দিকে চলে যায়। তবে বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা বা গাড়ি ভাঙচুরের বিষয়টি আমাদের কেউ জানায়নি।”
শুক্রবার বিকেলে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সেবার উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ফেরি সেবা চালুর কৃতিত্ব নিয়ে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনার পর এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যদিকে বিএনপি তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে ঘটনার জন্য এনসিপিকে দায়ী করে।