Published : 03 Sep 2026, 03:44 PM
টঙ্গীর হাজীর মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বস্তিটির বাসিন্দারা।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ বিক্ষোভে বেশ কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ফ্লাইওভার ব্রিজ সড়কে যান চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান।
এতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও পরিবহন চালকরা।
এর আগে সোমবার টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর এলাকায় মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত হাজির মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।
এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বস্তি থেকে পাঁচ শতাধিক নারী-পুরুষ মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, হাজীর মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযানের আড়ালে নিরীহ ও সাধারণ বস্তিবাসীকে উচ্ছেদের চেষ্টা চলছে।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা নিজেরাও প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে কয়েকজনের অপরাধের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে হাজারো পরিবারকে গৃহহীন করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ না করার দাবি জানিয়ে তারা বলেন, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁদের বর্তমান স্থানে বসবাসের সুযোগ দিতে হবে।
ওসি আরিফুর রহমান বলেন, অবরোধের ফলে কিছু সময় মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে, পরে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।