Published : 26 Feb 2026, 12:44 PM
গাজীপুর নগরে সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক ওয়ার্কশপ কর্মীর প্রাণ গেছে।
ভোগড়া বাসন সড়ক এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বাসন থানার এসআই মো. সানোয়ার হোসেন জানান।
নিহত ১৮ বছর বয়সী মো. সাইমন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভাটিয়ালপুর গ্রামের এলাকার মোমিন মিয়ার ছেলে।
ভোগড়া এলাকায় একটি বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থেকে বাসন সড়ক এলাকায় ‘সুমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ কাজ করতেন তিনি।
এসআই সানোয়ার বলেন, “সাইমন বাসা থেকে বের হয়ে ওয়ার্কশপে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
“গুরুতর আহত অবস্থায় অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।”
সেখানে কর্তব্যররত চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।