Published : 12 Jul 2025, 09:50 PM
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে সিলেটের গোয়াইনঘাট উপজেলা সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
শনিবার সকালে উপজেলার তামাবিল সীমান্তে বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয় বলে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানিয়েছেন।
আটক মোখলেছুর রহমান সুমন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসিন্দা।
ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, শুক্রবার ভারতের মেঘালয় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ। আটকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছে বিজিবি। তাকে রোববার আদালতে পাঠানো হবে।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের অভিযোগে তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা রয়েছে বলে জানান ওসি।