এক থাকলে বিএনপিকে ভোটে কেউ প্রতিহত করতে পারবে না: সমাজকল্যাণমন্ত্রী
নীলফামারী সার্কিট হাউজে জেলা বিএনপির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
একতাবদ্ধ থাকলে আগামী জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে কেউ প্রতিহত করতে পারবে না বলে মনে করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
রোববার বিকালে নীলফামারী সার্কিট হাউজে জেলা বিএনপির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, “আমরা যদি কাদা ছোড়াছুড়ি করি তাহলে সাধারণ মানুষ আমাদের সমর্থন করবে না। আমাদের চলন, বলন ও আচার-ব্যবহার এমন হতে হবে যেন সাধারণ মানুষ আমাদের ওপর আস্থা রাখতে পারে।”
দলের শৃঙ্খলা রক্ষা ও অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ়করণের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা কোনো প্রতিকূল পরিবেশে আত্মসমর্পণ করে না বা চক্রান্তকারীদের সঙ্গে হাত মেলায় না, তাদের হাতেই নেতৃত্ব দিতে হবে। ত্যাগী নেতাকর্মী ও জনগণের সমর্থনে বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আল মাসুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহেল পারভেজ, মো. রিয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন।
