Published : 19 May 2026, 02:34 PM
কুমিল্লার বুড়িচং উপজেলায় যুবকের শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার মামলায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সাতক্ষীরা জেলার ভোমরা উপজেলা থেকে র্যাব-৬ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১ সিপিসি-টু এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মিঠুন কুমার কুন্ডু।
গ্রেপ্তার জহিরুল ইসলাম ওরফে আপন ওরফে জহির হিজড়া প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেছে জানিয়েছে র্যাব।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র এএসপি মিঠুন বলেন, ‘মাদক ব্যবসার ভাগ-বাটোয়ারা’ নিয়ে হিজড়াদের অন্তর্কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।
নিহত এনামুল হক শিশির ওরফে মাহী হিজড়া বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের ছেলে।
তাকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার বরাতে বুড়িচং থানার ওসি লুৎফর রহমান বলেন, বুড়িচং সদর ইউনিয়নের সরকারি একটি জায়গায় জহির হিজড়ার নেতৃত্বে কয়েকজন হিজড়া বসবাস করছেন। এনামুল হক শিশির হিজড়া না হয়েও মাহী নাম-পরিচয়ে তাদের সঙ্গে সেখানে থাকতেন।
গত ১৩ মে সকালে বুড়িচং পৌরসভার মধ্যবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শিশিরের সঙ্গে কয়েকজন হিজড়ার বাকবিতন্ডা হয়। এর একপর্যায়ে হিজড়ারা শিশিরের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরে হিজড়ারাই গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের বাবা কামরুল হক ফরহাদ তিনজনকে এজহার নামীয় এবং অজ্ঞাত আরও ৭/৮ জনের নামে বুড়িচং থানায় হত্যা মামলা করেছেন।
মামলার পর দোলা নামে এক হিজড়াকে আটক করা হয়েছিল বলেও জানান ওসি।
আগের সংবাদ
কুমিল্লায় শরীরে কেরোসিন ঢেলে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু, হিজড়া গ্রেপ্তার