Published : 18 May 2026, 06:33 PM
কুমিল্লার বুড়িচং উপজেলায় হিজড়াদের অন্তর্কোন্দলের মধ্যে শরীরে কেরোসিন ঢেলে আগুনে দগ্ধ হওয়া যুবক মারা গেছেন। এ ঘটনায় এক হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার চার দিন পর রোববার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বুড়িচং থানার ওসি লুৎফর রহমান এনামুল জানিয়েছেন।
নিহত এনামুল হক শিশির ওরফে মাহী (৩৫) উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের ছেলে।
এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বুড়িচং পৌরসভার মধ্যবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
ওসি লুৎফর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বুড়িচং সদর ইউনিয়নের সরকারি একটি জায়গায় কয়েকজন হিজড়া বসবাস করে আসছিলেন। সেখানে শিশির নিজেকে হিজড়া পরিচয় দিয়ে তাদের সঙ্গে থাকতেন। এ নিয়ে হিজড়াদের মধ্যে বিরোধ ও কোন্দল দেখা দেয়।
ঘটনার দিন সকালে শিশিরের সঙ্গে কয়েকজন হিজড়ার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে কয়েকজন হিজড়া শিশিরের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়। পরে দগ্ধ অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকালে তার মৃত্যু হয়।
ওসি লুৎফর রহমান বলেন, এ ঘটনায় শিশরের বাবা ফরহাদ থানায় তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও সাত থেকে আটজনের নামে মামলা করেন।
তিনি বলেন, মামলার পর দোলা নামের এক হিজড়াকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার পর থেকে অন্য হিজড়ারা পলাতক আছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।