১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় নারীর লাশ উদ্ধার, ছেলের দাবি পিটিয়ে হত্যা

“স্থানীয়ভাবে যেটুকু জেনেছি পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 03:16 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

কুমিল্লার চান্দিনা উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তার ছেলের দাবি। 

বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে চান্দিনা থানার ওসি মো.  নুরুজ্জামান জানিয়েছেন। 

নিহত ৫৮ বছর বয়সী বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।  

নিহতের ছেলে তাপস রায়ের ভাষ্য, “আমরা সবাই বিভিন্ন জায়গায় চাকরি করি। বাড়িতে মা-বাবা থাকেন। আমার মা প্রতিদিনের মতো সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে ঘরে টিভি দেখছিলেন। এ সময় বাবা দোকানে চা পান করতে যান। এর মধ্যে দুষ্কৃতিকারীরা ঘরে ঢুকে আমার মায়ের মাথায় এলোপাতাড়ি পিটাতে থাকে।”

“আমার পাশের ঘরের এক জ্যাঠা আমার মায়ের চিৎকার শুনে বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে আমার মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তবে কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি নিহত বীনার ছেলে।   

বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম বলেন, “স্থানীয়ভাবে যেটুকু জেনেছি পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পাশের বাসিন্দাদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।”

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে জানতে চাইলে ওসি নুরুজ্জামান বলেন, “এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদঘাটন ও দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।”