১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাড়ে ৭ টাকার ইনজেকশন সাড়ে ৩০০ টাকায় বিক্রি, অর্থদণ্ড

অভিযোগের সত্যতা পাওয়ায় ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 03:47 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

ব্রাহ্মণবাড়িয়ায় ইনজেকশনের দাম বেশি রাখায় এক ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।   

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার দুপুরে কুমারশীল মোড় এলাকার ‘জান্নাত ফার্মেসিতে’ অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 

অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ তথ্য নিশ্চিত করেন। 

রিজভী বলেন, “দুদিন আগে মধ্যরাতে মুফতি কামরুল হাসান নামে একজন ভোক্তা জান্নাত ফার্মেসিতে একটি ইনজেকশন ক্রয় যান। এ সময় দোকানদার তার কাছ থেকে সাড়ে সাত টাকার ইনজেকশন সাড়ে তিনশত টাকা দাম চান।

“ক্রেতা তখন তাকে ক্রয় রশিদ দেখাতে বলেন। পরে ভোক্তা অধিকারের কাছে ওই ক্রেতা অভিযোগ করেন।”  

পরে জান্নাত ফার্মেসিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় মালিককে ৪০ হাজার টাকা জরিমানা এবং তাদের সর্তক করা হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।