সিলেটে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষককে হত্যা
পূর্ব বিরোধের জেরে সকালে মাদ্রাসা যাওয়ার পথে নয়ন আহমদ নামে একজনের সঙ্গে বাকবিতণ্ডা হয় মাওলানা জুবায়েরের।
সিলেট সদর উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে এক শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়গুল এলাকায় এ ঘটনাটি ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।
মাওলানা জুবায়ের (৪৮) বড়গুল এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।
অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল বলেন, পূর্ব বিরোধের জেরে সকালে মাদ্রাসা যাওয়ার পথে নয়ন আহমদ নামে একজনের সঙ্গে বাকবিতণ্ডা হয় মাওলানা জুবায়েরের। এক পর্যায়ে মাওলানা জুবায়েরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় নয়ন।
পরে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মাওলানা জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পলাতক নয়নকে ধরতে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সিলেট সদর উপজেলায় গত কয়েকদিনে তিনটি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে কুপিয়ে হত্যা করা হয় আজাদুর রহমান নামে এক যুবককে।
শনিবার মধ্যরাতে গোলাপঞ্জের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন যুবদল কর্মী রনি হোসাইন।
এর আগে ৭ আগস্ট কিনবিজ এলাকায় খুন হন ডালিম আহমদ নামে আরেক যুবক।
