Published : 11 Feb 2026, 03:30 PM
ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে।
এর মধ্যেই বুধবার সকাল থেকে প্রত্যেক উপজেলা থেকে প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, কলম, সুই সুতা, মোম এবং ব্যানারসহ নির্বাচনি সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
তিনি বলেন, ১১টি সংসদীয় আসনের ১৩ উপজেলায় ৭৮ জন নির্বাহী ম্যাজিস্টেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনি এলাকায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক তৎপর থাকবেন তারা।
তিনি জানান, জেলার ১ হাজার ৩৬৫টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে ৫৮৩টি কেন্দ্র। এসব কেন্দ্রে ৩ হাজার ২১৭ জন পুলিশ সদস্য, হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা ছাড়া বাকি ১১ উপজেলার প্রত্যেকটিতে ১২০-১৪০ জন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

সেনা সদস্যরা মোতায়েন না থাকায় সীমান্ত উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়ায় ৬ প্লাটুন করে বিজিবি থাকবে। অন্য উপজেলাগুলোতেও ৪ প্লাটুন করে বিজিবি থাকবে।
প্রত্যেক কেন্দ্রে করে পুলিশের নেতৃত্বে ১৪-১৭ জন করে গ্রাম পুলিশ এবং আনসার সদস্য থাকবেন বলেও জানান তিনি।
এছাড়া আনসার ব্যাটালিয়ানের ৩১টি এবং র্যাবের ২১টি টিম মাঠে কাজ করবেন বলেও জানান জেলা প্রশাসক।
এদিকে বুধবার সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান।
নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভোট নির্বিঘ্ন করতে র্যাব সদস্যরা তৎপর রয়েছে। আমাদের ৬০০ সদস্য মাঠে কাজ করছে। সকল স্টেক হোল্ডাররা নির্বাচন নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ, তারপরেও অপ্রীতিকর ঘটনা এড়াতে সব প্রস্তুতি রয়েছে র্যাবের।”