Published : 24 Nov 2025, 12:42 PM
বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ধাক্কা লাগার পর দুই আরোহীর প্রাণ গেছে। আহত হয়েছেন আরও একজন।
উপজেলার ফুলবাড়ি ব্রিজ ঘাটপার এলাকায় রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান।
নিহতরা হলেন- ওই উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাফিজের ছেলে ২০ বছর বয়সী মেহেদি হাসান এবং গোসাইপাড়া এলাকার বাবলু ব্যাপারীর ছেলে একই বয়সী সাহাবুল হাসান।
আহত ২০ বছর বয়সী উৎসব চক্রবর্তী একই এলাকার বাসিন্দা।
পুলিশ বলছে, মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের শাটারে জোরে ধাক্কা খায়। এতে তিন আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি ও সাহাবুলের মৃত্যু হয়।
আহত উৎসব বলেন, তারা তিন জনই সম্প্রতি এইচএসসি পাস করেছে। এক বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন তারা। পথে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ছিল।
ওসি মঈনুদ্দিন বলেন, “দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। আহত উৎসব প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।”
আর আইনি প্রক্রিয়া শেষে নিহদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।