১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কম্বল দিয়ে আচরণবিধি ভঙ্গের নোটিশ পেলেন বিএনপি প্রার্থী

১১ জানুয়ারি অনিন্দ্য ইসলাম অমিতকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 09:32 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আচরণবিধি ভঙ্গের জন্য কারণ দর্শাও নোটিশ পেলেন যশোর-৩ আসনে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি বুধবার এ নোটিশ দিয়েছে। তাতে ১১ জানুয়ারি তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সিভিল জজ মো. মাসুদ রানা স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ৪ ও ৫ জানুয়ারি অমিত আনুমানিক ২০ হাজার কম্বল বিতরণ করেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

৪ জানুয়ারি টাউন হল ময়দান, যশোর সদরে আনুমানিক দুই হাজার কম্বল বিতরণ করেন। প্রার্থীর ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হয়। এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৪-এর সুস্পষ্ট লংঘন।

নোটিশে, এ ঘটনার ব্যাখ্যা দিতে অমিতকে ১১ জানুয়ারি সকাল ১১টায় যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের এজলাস কক্ষে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।  

নোটিশ পাওয়ার কথা জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “৪ ও ৫ জানুয়ারির কর্মসূচি ব্যক্তিগত উদ্যোগে নয়, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে হয়েছে। এবং তা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়। আমি অনুষ্ঠানের অতিথি হিসেবে তা শীতার্থ মানুষের হাতে তুলে দিয়েছি। এর সঙ্গে নির্বাচন বা ভোটের কোনো সম্পর্ক নেই। আমি নিয়ম অনুযায়ী, নোটিশের জবাব দেব। আশা করি, কমিটি বাস্তবতা অনুধাবন করবে।”

অমিত বলেন, “একজন সামাজিক ব্যক্তি ও রাজনৈতিক কর্মী হিসেবে ২৫ বছর ধরে যশোরের মানুষের আপদ-বিপদ, সুখে-দুঃখে থাকবার চেষ্টা করে আসছি। যশোরে যে প্রচণ্ড শীত পড়েছে এতে করে নিম্নবিত্ত ও ছিন্নমুল মানুষ বিত্তশালী ও রাজনৈতিক দলগুলোর কাছে ছুটে আসছে শীতবস্ত্রের জন্য এবং অনেকে তাদের জন্য এগিয়ে আসছেন।”