১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ‘সংকেত না পেয়েই চলল ট্রেন’, ইঞ্জিন-বগি লাইনচ্যুত

মূল লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচলে কোনো প্রকার বিঘ্ণ ঘটেনি বলে জানান সিরাজগঞ্জ রেলওয়ের জ্যেষ্ঠ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2024, 10:54 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে রাজশাহী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। 

ওই স্টেশনের মাস্টার ইসমাইল হোসেন বলেন, সংকেত দেওয়ার আগেই ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনটি জামতৈল স্টেশন থেকে ছেড়ে দেন এর চালক। এতে স্টেশন থেকে কিছুদূর যেতেই ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। 

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনের সিগন্যাল ল্যাম্পের পাশে এ ঘটনা ঘটে।এতে ট্রেনে থাকা প্রায় ৭০০ যাত্রী দুর্ভোগে পড়েছেন।

তবে মূল লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচলে কোনো প্রকার বিঘ্ণ ঘটেনি বলে জানান সিরাজগঞ্জ রেলওয়ের জ্যেষ্ঠ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আহসানুর রহমান। 

তিনি বলেন, “লাইনচ্যুত বগি ও ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটির সচল বগি নিয়ে গন্তব্যের দিকে রওনা হবে।”

লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে পাবনার ঈশ্বদী থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে বলেও জানান আহসানুর রহমান। 

তবে রাত সোয়া ১০টা পর্যন্ত উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে এসে পৌঁছেনি।