Published : 14 Aug 2026, 11:24 PM
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৪টার দিকে শহরের বাস টার্মিনাল সংলগ্ন ‘ঢাকা আবাসিক হোটেলের’ চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান।
মৃত ৪৪ বছর বয়সি পুলিশ সদস্যের নাম আতাউল কবির। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আতাউল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজবাড়ী এলাকার উরুবুনিয়া গ্রামের আবদুল খালেক মজুমদারের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির ওই হোটেলে যান। পরে ৪০১ নম্বর কক্ষে ওঠেন তিনি। হোটেলের নথি অনুযায়ী, শুক্রবার বেলা ১১টার দিকে তার কক্ষ ছাড়ার কথা ছিল।
ওসি বলেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্মীদের সন্দেহ হয়। কয়েক দফা দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে বিষয়টি সদর থানায় জানানো হয়।
পরে বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে আতাউল কবিরের লাশ ঝুলতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তার জাতীয় পরিচয়পত্র, পুলিশ পরিচয়পত্র, চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রসহ প্রয়োজনীয় নথি ও ব্যক্তিগত মালামাল উদ্ধার করা হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আবছার সাংবাদিকদের বলেন, আতাউল কবির ওই ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের মধ্যে ছিলেন বলে তারা জানতে পেরেছেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই মন্তব্য করা যাচ্ছে না। বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।