Published : 02 Dec 2025, 04:15 PM
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে টানা তিন দিন বিশেষ অভিযান চালিয়ে ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে এ সময় কেউ আটক হয়নি।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, সীমান্তজুড়ে টানা বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গবাদিপশু, গাঁজা, মদ, জিরা, প্যান্ট পিস ও ফলসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালান পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা বলে জানায় বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, “বিজিবির সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।”
সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার এবং চোরাচালান সম্পূর্ণরূপে নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।